রাতের আঁধারে কর্ণফুলী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৭:৪৯ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে অজ্ঞাত চোরেরা অফিসের তালা ভেঙে দুটি গুরুত্বপূর্ণ কম্পিউটার নিয়ে যায়।

সকালে অফিস খুলতে এসে কর্মচারীরা চুরির বিষয়টি টের পেয়ে কর্ণফুলী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আলামত সংগ্রহ করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন বলেন, “চুরি যাওয়া কম্পিউটার দুটিতে গুরুত্বপূর্ণ অফিসীয় তথ্য সংরক্ষিত ছিল। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। পুলিশের পাশাপাশি প্রশাসনিকভাবেও তদন্ত চলছে।”

কর্ণফুলী থানার এক কর্মকর্তা জানান, “এটি পরিকল্পিত চুরি হতে পারে। কারণ, অফিসের অন্য কোনো জিনিসে হাত না দিয়ে শুধু দুটি কম্পিউটারই নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ আশপাশের এলাকা থেকে তথ্য সংগ্রহ চলছে।”

এর আগে চলতি মাসের ১৮ অক্টোবর কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদেও একই ধরনের চুরির ঘটনা ঘটে। সেখানেও নগদ অর্থ বা সামগ্রী নয়, অফিসের তথ্যসংবলিত যন্ত্রপাতি ও নথিপত্র চুরি হয়েছিল।

সরকারি অফিসে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। অনেকের ধারণা, সরকারি দপ্তরগুলোকে টার্গেট করে কোনো সংঘবদ্ধ চক্র তথ্যভিত্তিক অপরাধে জড়িত থাকতে পারে।

ইএইচ