লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকে পাটগ্রাম উপজেলার ৮ নং বুড়িমারী ইউনিয়ন যুবদলের আয়োজনে বিনামূল্যে এই চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদ মাঠে দিনব্যাপী চলে এ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প। এতে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মো. শাহিনুর ইসলাম শাহীন ও ডা. শাহিনুর রহমান সাগর। এদিন প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়। বুড়িমারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীরা শরীরের নানান রোগ নিয়ে সেবা নিতে আসে।
সেবা নিতে আসা কয়েকজন রোগীর সাথে কথা হলে তারা বলেন, “মাইকিং শুনে এসেছি। বিনামূল্যে ডাক্তার দেখাইলাম। ঔষধও দিয়েছে তারা। আমরা গরীব মানুষ, আমাদের খুব উপকার হয়েছে।”
সহিতন নেছা (৭০) বলেন, “বাবা আমার ঘাড়ে ও কোমরে ব্যথা, গরিব মানুষ, চিকিৎসা করার টাকা নাই। শুনলাম বুড়িমারীতে বিনামূল্যে চিকিৎসা দিবে তাই আসলাম।”
নজরুল ইসলাম (৬৫) নামে আরেক রোগী বলেন, “ডাক্তার দেখাইলাম, ঔষধও দিয়েছে। কোন টাকা-পয়সা লাগে নাই। বুড়িমারী ইউনিয়ন যুবদলের ভাইদের ধন্যবাদ।”
এতে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, বুড়িমারী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম মনা, সাধারণ সম্পাদক আয়নাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জুয়েলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ইএইচ