গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৪:২৯ পিএম

‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ এই অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে সামাজিক সংগঠন ‘স্বপ্ন কুঁড়ি’ রাজবাড়ীর গোয়ালন্দের কৃতী শিক্ষার্থীদের সম্মান জানাল এক অনন্য আয়োজনে। এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেয় সংগঠনটি।

সোমবার দুপুরে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ‘স্বপ্ন কুঁড়ি’র আয়োজনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন নাহার ছিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, কলেজের প্রভাষক মো. নজির হোসেন মোল্লা, মো. আবুল কালাম আজাদ, মো. মাসুদ পারভেজ, রহিমা বেগম, ‘স্বপ্ন কুঁড়ি’র উপদেষ্টা সানোয়ার আহমেদ, চেয়ারম্যান মো. আবু সাঈদ মন্ডল, সদস্য আকিব সরদার, ফাহিম হাসান হিমেল, মাহিম, পিয়াল, আজম, সাগর, সাহস, ছাত্রদল কলেজ কমিটির সভাপতি মোতাহার হোসেন সুমন ও সাধারণ সম্পাদক রিফাত বিশ্বাস প্রমুখ।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রিয়া আক্তার, খাদিজা আক্তার রুনা, মিতালী আক্তার ও মিথীলা আক্তারী। তারা এই সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “‘স্বপ্ন কুঁড়ি’র এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানানো মানে তাদের স্বপ্নকে শক্তি দেওয়া।”

ইএইচ