চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে সরওয়ার জামাল নিজামের নাম ঘোষণার পর কর্ণফুলী–আনোয়ারাজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। রাজনৈতিক অঙ্গনে বহুদিন পর দেখা গেল এমন উচ্ছ্বাস, এমন আবেগঘন দৃশ্য।
মঙ্গলবার বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সরওয়ার জামাল নিজাম। বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা ফুলের মালা, তোড়া, ব্যানার ও স্লোগানে তাকে বরণ করে নেন। মুহূর্তেই বিমানবন্দর এলাকা পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।
পরে তার গাড়িবহর কর্ণফুলীর উদ্দেশে রওনা হলে পথে-পথে চলে স্বাগত আর উদযাপন। বহরটি বিকালে মইজ্জ্যারটেকে পৌঁছালে সেখানে আগে থেকেই জড়ো হওয়া হাজারো মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন। ফুল, ব্যানার, স্লোগান আর সংবর্ধনায় রাস্তা যেন রঙিন উৎসবমঞ্চে রূপ নেয় কেউ ছুড়ে দেন গোলাপের পাপড়ি, কেউ শুভেচ্ছা জানান আলিঙ্গনে, আবার কেউ ক্যামেরায় বন্দি করেন আবেগঘন সেই মুহূর্তগুলো।
ফুলের শুভেচ্ছা ও ভালোবাসার বন্যায় সিক্ত সরওয়ার জামাল নিজামকে ঘিরে তখন একটাই স্লোগান ধ্বনিত হয়ম, “সরওয়ার জামাল নিজাম এগিয়ে চলো—কর্ণফুলী–আনোয়ারা তোমার সঙ্গে আছে!”
শত শত মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে সরওয়ার জামাল নিজাম শোভাযাত্রা সহকারে আনোয়ারা উদ্দেশ্যে রওনা করেন,রাস্তার চতুর্পাশ্বে নেতাকর্মী সমর্থক শুভেচ্ছা জানান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থিতা ঘোষণার পরপরই বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য, উদ্দীপনা ও আশার স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর দলের এমন প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করে এই অঞ্চলের রাজনীতিতে উষ্ণতা বাড়ছে, আর মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে বিএনপি।
ইএইচ