বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও (ময়মনসিংহ-৪) এর সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত আবু ওয়াহাব আকন্দ বলেছেন, স্বাধীনতা বিরোধীদেরকে ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে।
সোমবার দুপুরে পূর্বধলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুশতাক আহমেদ এর ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা আজ দুনিয়াতে জান্নাতের টিকিট বিক্রি করছেন, একমাত্র আল্লাহ পাককে আজির- নাজির করে হুজুরে পাক (সা.) এর সান্নিধ্য ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই এরকম অপপ্রচার রোধে আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে আপনাদের সুনিশ্চিত রায় প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।
স্মরণ সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, নেত্রকোণা -৫ (পূর্বধলা) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত ও জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারন সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদার।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ আব্দুর রহিম তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, সামছুল আলম মারুফ, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষকদলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কি, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরীসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাজনৈতিক জীবনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে শত শত মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
জেএইচআর