কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মো. আব্দুল গফুর ভূঁইয়া মোটর শোভাযাত্রা নিয়ে নির্বাচনী এলাকায় শোডাউন শুরু করেছেন।
সোমবার সকাল ১০ টায় লালমাই দক্ষিণ বাজার থেকে তিনি কয়েকশ মাইক্রোবাস ও শত শত মোটরসাইকেল বহর নিয়ে ব্যাপক নির্বাচনী শোডাউন শুরু করেন।
শোডাউনের সময় তিনি লালমাইয়ের দত্তপুর, বাগমারা বাজার, সৈয়দপুর, মেহেরকুল, দৌলতপুর, শিকারপুর, হাজতখোলা, বড়তুলা, দুর্গাপুর, আমুয়া, গোলাচৌ, কলমিয়া, ভুলইন, ভুশ্চি, জামুয়া, গোসাই পুষ্কুনি, গৈয়ারভাঙা, বাংলাবাজার, বেলঘর এবং নাঙ্গলকোটের যুক্তিখোলা, বাঙ্গড্ডা, মাহিনী, ঝাটিয়াপাড়া, মৌকরা, ঢালুয়া, মন্নারা, বক্সগঞ্জ, দৌলখাঁড় হয়ে নাঙ্গলকোট হেলিপ্যাড মাঠে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শোডাউন শেষ করেন। এর আগে তিনি লালমাই, বাগমারা, ভুশ্চি, বাঙ্গড্ডা, মাহিনী, ঝাটিয়াপাড়া, মৌকরা, ঢালুয়া, মন্নারা, বক্সগঞ্জ এবং দৌলখাঁড়ে পথসভায় বক্তব্য রাখেন।
শোডাউনে বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়াকে স্বাগত জানাতে সড়কপথের মোড়ে মোড়ে নেতাকর্মীরা জড়ো হয়ে ধানের শীষের পক্ষে শ্লোগান দেন।
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমি কোন নেতা নই। আজকে ১৮ বছর আমার কোন পদ-পদবী নেই। আমার লোকজন হচ্ছে আলেম ওলামা, বাস, সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক, কৃষক থেকে শুরু করে সাধারণ জনগণ। আমি জনগণের মনোনয়ন নিয়ে জনগণের কাছে এসেছি। আমি জনগণের জন্য কাজ করবো। ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা কাজ করবো। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। মনিরুল হক চৌধুরী ভাই এবং জাকারিয়া তাহের সুমন ভাইসহ আমরা বড় একটি জনসভা করবো। মনিরুল হক চৌধুরী ভাই আমার বড় ভাই। আমি মনিরুল হক চৌধুরী ভাইসহ লালমাই এবং নাঙ্গলকোটের উন্নয়নে কাজ করবো।”
তার গাড়ি বহরে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাছ ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এ কে এম সায়েম মজুমদার শিপু, মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি শোয়ায়েব খন্দকার, পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, উপজেলা যুবদল নেতা মাজহারুল ইসলাম ছুপু, সেলিম জাহাঙ্গীর মন্টু, ছালেহ আহ্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব মাকছুদ আলম, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম, মাসুদ আলম প্রমুখ।
ইএইচ