বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এম এ হান্নান

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৬:০৮ পিএম

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

বৃহস্পতিবার বিকেলে নাসিরনগর উপজেলার গুনিয়ক ইউনিয়নের গুনিয়ক বাজার মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গুনিয়ক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল হক লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হান্নান।

তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

এম এ হান্নান আরও বলেন, “সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনগণের ভোটে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, তাহলে জনগণকে আরও বেশি সেবা দিতে পারব, ইনশাল্লাহ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সহ-সভাপতি এম এ খালেদ, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক আজগর আলীসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সভায় গুনিয়ক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

ইএইচ