নিরাপত্তা ও সম্প্রীতির কাজে নিবেদিত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার সকাল আনুমানিক ১০টা ১২ মিনিটে chtnews.com নামের একটি ফেসবুকভিত্তিক অনলাইন নিউজপোর্টালে ‘খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের কাচকাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন বিজিবি সদস্য অবস্থানের ফলে স্থানীয় সাধারণ লোকজনের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তবে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে স্থানীয় জনগণের নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে বিজিবির উপস্থিতি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
কর্তৃপক্ষ জানায়, এলাকায় বিজিবির নিয়মিত তৎপরতার ফলে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী সম্প্রীতির সাথে স্বাধীনভাবে বসবাস করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এ ধরনের অসত্য অপপ্রচার কেবল অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা এবং বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর ষড়যন্ত্র।
এদিকে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণও প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বিজিবির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
জেএইচআর