মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চূর্ণ, শিশুসহ আহত ৪

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০২:২৮ পিএম

মেহেরপুরে একটি বেপরোয়া গতির ট্রাকের মুখোমুখি ধাক্কায় যাত্রীবাহী একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এক শিশু ও নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ফতেপুর সড়কে কায়েমকাটা মোড়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইজিবাইক চালক রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার জলিল শেখের ছেলে। আহত অপর যাত্রী সদর উপজেলার শোলমারি গ্ৰামের জহিরুল ইসলামের স্ত্রী জাহিদা খাতুনসহ এক নারী ও শিশু মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যাত্রী নিয়ে ইজিবাইকটি উজলপুরের দিক থেকে মেহেরপুরের দিকে আসছিল। পথিমধ্যে কায়েমকাটা মোড়ের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উজলপুরগামী একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-১৭১৩) ইজিবাইকটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং যাত্রীরা রক্তাক্ত জখম হন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে সটকে পড়ার চেষ্টা করে। তবে সংঘর্ষের কারণে ট্রাকের জ্বালানি তেলের ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় তেল সংকটের কারণে চালক ট্রাকটি উজলপুর কুঠিপাড়া বাজার এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি উজলপুর বাজারে ফেলে চালক পালিয়ে গেছে, তাঁকে ও ট্রাকের মালিককে খোঁজা হচ্ছে। ট্রাকটি থানা হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেএইচআর