মহেশপুরে বিরল অ্যালবিনো গোখরা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:৪৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে উজ্জ্বল হলুদ রঙের একটি অ্যালবিনো গোখরা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার রাতে বাড়ির পাশে সাপটিকে দেখে আতঙ্কে পিটিয়ে মেরে ফেলেন তারা। পরে মৃত সাপটি সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি চলছে, এমন তথ্য জানিয়েছেন সাংবাদিক মশিউর রহমান টিংকু ও সাব্বির হোসেন।

বিশেষজ্ঞদের মতে, জেনেটিক মিউটেশনজনিত অ্যালবিনিজমের কারণে মেলানিনহীন এই মনোকলড কোবরা অত্যন্ত বিরল এবং মারাত্মক বিষধর; মৃত্যুর পরও স্নায়ুতন্ত্র কিছুক্ষণ সক্রিয় থাকায় সরাসরি স্পর্শের ঝুঁকি রয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা এ ধরনের সাপ দেখা গেলে দূরত্ব বজায় রেখে বন বিভাগকে জানানোর পরামর্শ দিয়েছেন।

মহেশপুর বন বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সাপটি জাদুঘরে সংরক্ষণ করা হলে ভবিষ্যতে গবেষণা ও প্রদর্শনীতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচ