ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৮:৩৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। 

সোমবার দুপুরে বিরোধপূর্ণ জমির সামনে সাধারণ ব্যবসায়ী, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার মানববন্ধন ও প্রতিবাদ জানায়।

ভুক্তভোগী আব্দুল মান্নান ওরফে মন্নাছ (৫৬) জানান, তার পৈত্রিক সম্পত্তি নিয়ে আব্দুল লতিফ ভূইয়ার ছেলে জামাল ভূইয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২১ সালে জামাল ভূইয়া ঈশ্বরগঞ্জ বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা দায়ের করলেও পরে আদালত আবেদন খারিজ করে মান্নানের পক্ষে রায় দেন। তবুও ওই জমি দখলের চেষ্টা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মান্নানের দাবি, নান্দাইল উপজেলার আশরাফ উদ্দিন আকন্দ ও মতি মিয়াসহ কয়েকজন ব্যক্তি যাদের এই জমির সঙ্গে কোনো সম্পর্ক নেই—তারা প্রতিনিয়ত ভয়ভীতি সৃষ্টি ও হত্যার হুমকি দিচ্ছেন। বিষয়টি নিয়ে গত ৪ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হলেও হুমকি বন্ধ হয়নি। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় আছেন।

মানববন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, প্রতিপক্ষরা বারবার জমিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। প্রতিবাদ করলেই হামলার হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমস্যার সমাধান ব্যর্থ হওয়ায় পরিবারটি মানববন্ধন করতে বাধ্য হয়েছে। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করা এবং জমি বিরোধের স্থায়ী সমাধানে দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, মানববন্ধনের বিষয়টি তদন্তের জন্য বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ