নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্যসহ ৪৩ জনের জামায়াতে যোগদান

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:৫৮ এএম

বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্য ও সাবেক সেনা সদস্যসহ বিএনপির ৪৩ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার রাত ৮টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড (কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসা) মাঠে ওয়ার্ড জামায়াত আয়োজিত বিশাল সিরাতুন্নবী মাহফিলে তারা এই দলবদল করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলার আমীর মাওলানা মো. আব্দুর রহমান, সেক্রেটারি মো. গোলাম রব্বানী, নন্দীগ্রাম উপজেলা নায়েবে আমীর মো. আনোয়ারুল হক (বিএসসি), সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীম, বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা শিবিরের সভাপতি মুনিরুল ইসলাম মুনির প্রমুখ।

নবযোগদানকারীদের স্বাগত জানিয়ে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। এই যোগদানের মধ্য দিয়ে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও মজবুত হলো।

যে সকল নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য: ভাটগ্রাম ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপি কর্মী রফিকুল ইসলাম, কালিশ গ্রামের সাবেক সেনা সদস্য আবু নাছের মোল্লা, ব্যবসায়ী সফিকুল ইসলাম সরদার, ব্যবসায়ী মাহবুবুর রহমান, আফজাল হোসেন প্রামানিকসহ মোট ৪৩ জন বিএনপি নেতাকর্মী।

অনুষ্ঠান পরিচালনা করেন ভাটগ্রাম ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক কাজী আব্দুল হামিদ এবং সহ-সঞ্চালনায় ছিলেন যুব জমায়াতের সভাপতি হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, গত বুধবার বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে আরও ৩৩ জন বিএনপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছিলেন।

জেএইচআর