দৌলতপুরে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৪:২১ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মুড়িকাটা পেঁয়াজ চাষ নিয়ে এখন জমজমাট ব্যস্ততা। গেল মৌসুমের তুলনায় সার, কীটনাশকসহ উৎপাদন ব্যয় দ্বিগুণ বেড়ে গেলেও এ মৌসুমে পেঁয়াজের বাজারদর ভালো থাকায় কৃষকেরা আশাবাদী। 

উপজেলার নির্ধারিত ৩ হাজার ২৪১ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রাও পূরণ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার কৃষক শরিফুল ইসলাম জানান, গত মৌসুমে তিনি ৯ বিঘা জমিতে পেঁয়াজ ও রসুনের আবাদ করে প্রায় ৪ লাখ টাকা লোকসান গুনেছেন। মূলত উত্তোলনের সময় দাম ভালো থাকলেও সরকারের হঠাৎ আমদানির সিদ্ধান্তে বাজার ধসে পড়ায় ক্ষতিতে পড়তে হয় তাকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। তিনি ১৯ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন, বিঘাপ্রতি প্রায় ৫০ হাজার টাকা খরচ হলেও বর্তমান বাজারদর ভালো থাকায় লাভের আশা করছেন।

একই এলাকার কৃষক নান্টু আলী জানান, এ মৌসুমে তিনি ৮ বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ করেছেন। বীজের দাম কিছুটা কম হলেও সার ও কীটনাশকের দাম দ্বিগুণ হওয়ায় ব্যয় বেড়েছে। তারপরও তিনি আশাবাদী এবং প্রতিবিঘায় ৭০ থেকে ৮০ মণ পর্যন্ত ফলন আসতে পারে বলে ধারণা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, রবি মৌসুমে পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহিত করায় এবার সহজেই লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ইএইচ