রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০২:১৮ পিএম

রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাঙামাটির নবাগত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

রোববার সকাল ১১টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. আলী প্রমুখ।

সভায় নবাগত জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। আগামী সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে।

গুজবসহ নানা বিষয় নিয়ে অহেতুক যাতে কোনো মানুষ হয়রানি না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে। এজন্য তথ্য সহায়তা প্রদানে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এর আগে তিনি চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

ইএইচ