সীতাকুণ্ডে ল্যাব টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের আন্দোলনে স্বাস্থ্যসেবা ব্যাহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০২:২১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন ল্যাব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। এর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যত অচল হয়ে পড়ে এবং রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছে যায়।

কর্মবিরতির সময় উপস্থিত ছিলেন ল্যাব টেকনোলজিস্ট ইউনুস খান, আনাদুল ইসলাম, অনিমা রানী, মিথিলেশ মণ্ডল, বিপ্লব কুমার এবং ফার্মাসিস্ট মাধুরী বিশ্বাস ও খাদিজা আক্তার।

সেবাকর্মীরা বলেন, ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এই কর্মবিরতি পালিত হচ্ছে। দাবি পূরণ না হলে পূর্ণদিবস কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দুই ঘণ্টার কর্মবিরতির ফলে হাসপাতালের ল্যাব ও ফার্মেসিতে সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ নিতে রোগীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়, অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

সেবা নিতে আসা রোগীদের অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, ওষুধ ও টেস্ট করাতে পারছি না। এমন পরিস্থিতিতে আমরা আরও অসুস্থ হয়ে পড়ছি।

স্বাস্থ্যসেবার এই স্থবিরতায় সাধারণ রোগীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা গেছে।

জেএইচআর