পারিবারিক দ্বন্দ্বের জেরে ঝিনাইদহ সদর উপজেলায় ছোট ভাই জুয়েলের বটির আঘাতে বড় ভাই সোহেল (৪০) নিহত হয়েছেন।
রোববার দুপুরে গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সোহেল এবং অভিযুক্ত জুয়েল একই গ্রামের শফি মন্ডলের ছেলে। স্বজনদের কাছ থেকে জানা যায়, নিহত সোহেলের ছোট ভাই জুয়েল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি দীর্ঘদিনের উপার্জিত যে টাকা পাঠিয়েছিলেন, তা বড় ভাই সোহেল সংসার চালানো ও বড় ঘর নির্মাণে খরচ করে ফেলেছেন। গত দুই মাস আগে ছোট ভাই দেশে ফিরে এসব হিসাব নিয়ে বড় ভাইয়ের সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে ছোট ভাই পৃথক হয়ে টাকা পয়সার হিসাব চাইতে গেলে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়।
এসব নিয়ে রোববার সকাল থেকে দুই ভাইয়ের মধ্যে সংঘাত শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই সোহেল বটি দিয়ে ছোট ভাইকে আঘাত করার উদ্দেশ্যে ছুড়ে মারেন। ওই বটি তুলে নিয়ে ছোট ভাই জুয়েল যখন তা বড় ভাইয়ের উদ্দেশ্যে ছুড়ে মারেন, তখন সেটি সোহেলের ঘাড়ে আঘাত করে এবং তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমি ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। এটি পারিবারিক ঘটনা, এজন্য প্রথমত কেউ বুঝতে পারেনি। মামলার আলোকে আসামি গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ইএইচ