মাটিরাঙ্গায় পরিবেশ আইন লঙ্ঘন: অবৈধ ৪টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৮:৩৭ পিএম

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।

অভিযানে, ১০ নম্বর ইসলামপুরের মেসার্স এবিএম ইটভাটা, রমিজ কেরানি পাড়ার এমআরবি ইটভাটা, নতুন পাড়ার এ-সেভেন সেভেন ইটভাটা, ওয়াছু এলাকার এ-ফাইভ ফাইভ ইটভাটার কাঁচা ইটগুলোকে মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান জানান, "পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটা ইট উৎপাদন করে আসছিল। উচ্চ আদালতের নির্দেশে এবং পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ভাটাগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।" 

তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ