তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর চূড়ান্ত ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার তারিখে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন। এ ছাড়া জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় মাগুরা আদর্শ কলেজ ও সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকলে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয় টাইব্রেকারের মাধ্যমে। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে মাগুরা আদর্শ কলেজ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এ সময় তিনি তরুণ খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সহনশীলতা গড়ে তোলে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের জন্য তিনি খেলোয়াড়দের আরও মনোযোগী হয়ে অনুশীলনের আহ্বান জানান।
সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাগুরায় আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়া চর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
জেএইচআর