চট্টগ্রামের সীতাকুণ্ডে পান বোঝাই একটি মিনি ট্রাক উল্টে পটিয়া উপজেলার দুই পানচাষী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন, পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা পানচাষী কমল চৌধুরী (৫৭) ও সমীর চৌধুরী (৫৪)। আহতরা হলেন একই এলাকার তপন চৌধুরী (৪৫), উজ্জ্বল চৌধুরী (৫১), ভোলা চৌধুরী (৫৫) ও বাদল (৪৫)। আহত তপন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের বেশ কয়েকজন পানচাষী নিয়মিতভাবে সপ্তাহে দুই থেকে তিনবার তাদের ক্ষেতের পান মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে বিক্রির জন্য মিনি ট্রাকে করে নিয়ে যান। শনিবার রাতেও পানভর্তি ট্রাকটি বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সীতাকুণ্ড মাইলের মাথা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কমল ও সমীর চৌধুরীর মৃত্যু হয়।
হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা পল্লী চিকিৎসক রূপক নন্দী জানান, “আমাদের এলাকার পানচাষীরা প্রতিরাতে মিনি ট্রাকে করে মিঠাছড়া বাজারে পান নিয়ে যান। ট্রাকটি উল্টে যাওয়ার ঘটনায় দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যরা গুরুতর আহত হন।”
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইএইচ