নেত্রকোণার পূর্বধলায় নিখোঁজের একদিন পর আবু সাঈদ ফকির (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার জারিয়া ইউনিয়নের ঘুমকান্দা এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবু সাঈদ ওই এলাকার আফাজ উদ্দিন ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আবু সাঈদ। রাত পর্যন্ত ফিরে না আসায় স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী আব্দুল জব্বার খানের বাড়ির পুকুরে তার ব্যবহৃত স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়রা সন্দেহ করেন। পরে মাছ ধরার জাল ব্যবহার করে পুকুর থেকে তার মরদেহ তোলা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইএইচ