দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোণার পূর্বধলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুল ইসলাম কিরন (৩২) এবং নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম খান (৪৪)।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, আশরাফুল ইসলাম কিরনকে গত ১ ডিসেম্বরের একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এবং মো. সাইফুল ইসলাম খানকে গত বছরের ২৩ নভেম্বরের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় নেত্রকোনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইএইচ