সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় ভারতীয় কয়লাবাহী একটি ট্রাকের চাপায় সোলেমান মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোলেমান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুল্ক স্টেশনে কয়লা খালাসের সময় ভারতীয় একটি ট্রাক সোলেমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।
চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় কয়লাবাহী ট্রাকের নিচে পড়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ইএইচ