শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: দুই বিদেশি পিস্তল ও গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:৫৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় এক সপ্তাহের ব্যবধানে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ৫৩ বিজিবি। মঙ্গলবার সকালে উপজেলার রাঘববাটী এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। 

বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির সদস্যরা সীমান্ত থেকে ৯০০ গজ ভেতরে রাঘববাটী এলাকায় বিশেষ অভিযান চালায়। সকাল সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। এর আগে গত ১৫ ডিসেম্বর ৪টি বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছিল ৫৩ বিজিবি।

লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এই অস্ত্রগুলো আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সদস্যরা কৌশলগত পরিকল্পনার মাধ্যমে তাদের নজরদারি ও টহল জোরদার করেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে জেলার ৫৯ বিজিবি ব্যাটালিয়নও তাদের দায়িত্বপূর্ণ এলাকা শিবগঞ্জ ও ভোলাহাটে নিরাপত্তা ব্যবস্থা ও টহল জোরদার করেছে। অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

ইএইচ