খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৪ ডিসেম্বর) এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুনর্বাসন কার্যক্রমের আওতায় এদিন মোট ২৫ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে সহিংসতায় নিহত তিনজনের পরিবারকে ১ লক্ষ টাকা করে এবং ক্ষতিগ্রস্ত ১১৬ জন ব্যক্তির প্রত্যেককে ২০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, “সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। আজকের এই অর্থ সহায়তা শুধু অনুদান নয়, এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার একটি ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ প্রয়াস। প্রশাসনের এই সহায়তা ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল তামান্না বলেন, “আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করেছি, যাতে প্রকৃত ভুক্তভোগীরাই সরকারের এই সহায়তা পান। রামসু বাজার এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই অর্থের মাধ্যমে ঘরবাড়ি মেরামত ও জীবিকা পুনর্গঠনে সক্ষম হবে। ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে প্রশাসন সবসময় মাঠে রয়েছে।”
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অর্থ সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইএইচ