দেশের প্রধান প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের স্লুইসগেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অসাধু চক্রের ছয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চান্দু দাস, শাহিন মিয়া, মোহাম্মদ আমিন, মো. কবির, মোহাম্মদ শরিফ ও মো. কিরণ। এদের মধ্যে চান্দু দাস রাউজানের বাসিন্দা এবং বাকি পাঁচজন ভোলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩' অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃতদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, হালদা নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ইএইচ