ভোলার সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সিফাত হাওলাদার (২১) নামে এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত সিফাত রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সিফাতের সঙ্গে তার চাচাতো ভাইদের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে দুপুরে চাচাতো ভাই হাসিব ও সাকিবের সঙ্গে সিফাতের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরবর্তীতে সন্ধ্যায় ক্লোজার বাজার এলাকায় তাকে একা পেয়ে চাচাতো ভাইয়েরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
ইএইচ