ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
সোমবার দুপুরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় বিএনপির স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর এক উৎসবমুখর নির্বাচনী পরিবেশে পরিণত হয়।
মনোনয়নপত্র দাখিল শেষে শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের বলেন, “ফরিদপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি।”
এ সময় তিনি সকল পর্যায়ের দলীয় নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, শামা ওবায়েদ ইসলাম রিংকু দীর্ঘদিন ধরে সালথা ও নগরকান্দা এলাকায় সাংগঠনিক কার্যক্রম এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তৃণমূলে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করেন উপস্থিত নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
তারা আশা প্রকাশ করেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ফরিদপুর-২ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।
উল্লেখ্য , রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনটি সালথা ও নগরকান্দা উপজেলা নিয়ে গঠিত, যেখানে নির্বাচনী উত্তাপ ইতোমধ্যেই সাধারণ ভোটারদের মাঝে ছড়িয়ে পড়েছে।
ইএইচ