ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
সোমবার দুপুর ২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমানের কার্যালয়ে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জিয়া উদ্দিন সুজন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় রাজিব আহসান বলেন, “বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ সময় পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে।” এ সময় তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান।
এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে বের হওয়ার আগে সকালে পাতারহাট সাব-রেজিস্ট্রার জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রার্থীর সাফল্য কামনায় মোনাজাত করেন।
ইএইচ