বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত মহেশপুরবাসী

মহেশপুর, (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৪০ এএম

দেশের প্রিয় দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মহেশপুরবাসী গভীর শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো নেত্রীর স্মরণে নানা কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করছে।

উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক ছিলেন।

তাঁর নেতৃত্ব ও ত্যাগ আমাদের চিরন্তন প্রেরণা। সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, দেশ ও দলের ক্রান্তিকালে যিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন, তিনি কোটি মানুষের আশ্রয় ও ভরসার নাম।

সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া যোগ করেন, বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব।

সাবেক পৌর মেয়র আমিনুর রহমান চুন্নু বলেন, জাতির এই দুঃসময়ে আমরা এক মহীয়সী নেত্রীকে হারালাম। তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

প্রবীণ নেতা মোহন আরও যোগ করেন, তিনি আমাদের অভিভাবকতুল্য ছিলেন। আজ আমরা এক শূন্যতায় রয়েছি, যা সহজে পূরণ হবে না।

মহেশপুরের সকল স্তরের নেতা-কর্মী, ছাত্রদল, যুবদল ও কৃষক দলও দেশনেত্রীর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে।শোক প্রকাশের অংশ হিসেবে দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণ এবং নীরব কর্মসূচির মাধ্যমে মহেশপুরবাসী নেত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করছে।

জেএইচআর