বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার ও ১টি স্টিল বডি ট্রলারসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন সওড়া সৈয়দখালি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার ও ১টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত স্টিল বডি ট্রলার তল্লাশি করে ৪টি দেশীয় অস্ত্রসহ ২০ জনকে আটক করা হয়।
জব্দকৃত স্টিল বডি ট্রলার ও আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজারসমূহের মালিকদের বিরুদ্ধে হিজলা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ইএইচ