রকিবুল ইসলাম বকুল

খালেদা জিয়া শুধু বিএনপির নন, তিনি জনগণের নেত্রী

মো. নুরুল আমিন, খুলনা প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৬:৫৮ পিএম

বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেতা নন, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের কাণ্ডারি হিসেবে তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি চাইলে বিদেশের মাটিতে আরাম-আয়েশে থাকতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন রাজপথ। অসুস্থ অবস্থায় মৃত্যুর কাছাকাছি পৌঁছেও তিনি কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি।

শনিবার বিকেলে খুলনার ৯নং ওয়ার্ড বিএনপি মদিনাবাগ ইউনিটের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল তাঁর বক্তব্যে এরশাদবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, নেত্রী সেদিন হুঁশিয়ারি দিয়েছিলেন যারা গণবিরোধী নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসেবে গণ্য হবে। বাংলার মানুষ দেখেছে কারা বেইমানি করেছিল আর কারা জনগণের পক্ষে অটল ছিল। আমরা নেত্রীর কাছ থেকেই শিখেছি কীভাবে জনগণের অধিকারের জন্য লড়াই করতে হয়।

ভোটাধিকার রক্ষার লড়াইয়ে নেতাকর্মীদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোট মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই অধিকার প্রতিষ্ঠায় অসংখ্য নেতাকর্মী ঘরবাড়ি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং জেল-জুলুম সহ্য করেছেন। জিয়া পরিবারের মতো নির্যাতিত পরিবার বাংলাদেশে দ্বিতীয়টি নেই। তিনি আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে সুশৃঙ্খল থেকে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

এলাকার সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে বকুল বলেন, আমি এই এলাকার সন্তান। নির্বাচনে হার-জিত যাই হোক না কেন, অতীতে যেমন ছিলাম ভবিষ্যতেও তেমনি আপনাদের পাশে থাকব। আমি সবার মাঝে আপনাদের সন্তান ‘বকুল’ হয়েই বেঁচে থাকতে চাই।

৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক আলহাজ মো. হাবিবুর রহমান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস।

এছাড়াও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হালিম, প্রফেসর ডক্টর শেখ মোতাসিন বিল্লাহ, প্রফেসর মো. শহিদুল ইসলাম, ইলিয়াস হোসেন এবং জি এম মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জেএইচআর