খাগড়াছড়িতে তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৬:৪৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার ত্রিপুরার নেতৃত্বে তিন শতাধিক এনসিপি নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার বিকালের দিকে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ছাড়াও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবাগতদের বিএনপিতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া বলেন, কিছুটা বিলম্বে হলেও রাজনীতির ময়দানে তারা সঠিক দিশা খুঁজে নিয়েছে এবং সঠিক ঠিকানায় এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। এ সময় নবাগত নেতা বিপ্লব কুমার ত্রিপুরাও বক্তব্য রাখেন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া বিপ্লব কুমার ত্রিপুরা বলেন, “আমরা অনেক কষ্ট করে খাগড়াছড়িতে এনসিপিকে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু গণঅভ্যুত্থানের যে স্পিরিট তা ভুলে গিয়ে তারা জামায়াতের সাথে নির্বাচনী জোট করেছে। আমরা বিশ্বাস করি পাহাড়ের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওয়াদুদ ভুইয়ার বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই আমরা দেশনায়ক তারেক রহমানের আদর্শকে ধারণ করে বিএনপিতে যোগদান করেছি।”

এর আগে গত ২৪ নভেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছিলেন। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সহস্রাধিক নেতাকর্মী এখন পর্যন্ত বিএনপিতে যোগদান করেছেন।

ইএইচ