শীতার্ত এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে ডিসির কম্বল বিতরণ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০২:৩৪ পিএম

কনকনে শীতে এতিম মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে মানবিকতার হাত বাড়িয়ে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।

বুধবার রাতে তিনি নিজে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাইমপুর জামিয়া ইবনে আব্বাস (রা.) ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, কুতুবপুর জামিয়া ইসলামিয়া আল মিকাত মাদ্রাসা এবং ভূইগড় দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেন। 

এ সময় কম্বল হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হয়। এ যেন নতুন এক মায়ার বন্ধনের আবির্ভাব।

কম্বল বিতরণকালে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, "প্রচণ্ড কনকনে শীতে শীতার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই চেষ্টা প্রতিনিয়ত চলমান থাকবে।"

কম্বল বিতরণকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ