উপদেষ্টা ফাওজুল কবির

জাতীয় সংসদ নির্বাচন গোটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:০৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে ‘ভোটের গাড়ি’র উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মো. ফাওজুল কবির খান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে একই সঙ্গে ‘হ্যাঁ’ ভোট ও ‘না’ ভোট অনুষ্ঠিত হবে। গণতন্ত্রের এই বিশেষ প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।” 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নির্বাচন ও গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা ও সচেতনতা তৈরি হবে।

উপদেষ্টা আরও বলেন, এই ভোট আগামী ৫০ বছরের জন্য দেশের ভাগ্য নির্ধারণ করবে। সংখ্যালঘু হিন্দু ও আদিবাসী ভোটারদের সুরক্ষা দিবে প্রশাসন, তারা নির্ভয়ে ভোট দিবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। 

তিনি উল্লেখ করেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে খুন-গুমকে ‘না’ বলা হবে এবং সংস্কার কাজ ত্বরান্বিত হবে। জুলাই বিপ্লবে আহত বহু এবং দুই হাজার যোদ্ধা নিহত হয়েছে, তাদের সুরক্ষা দিতেই ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আর যারা সংস্কার চান না, তারা ‘না’ ভোট দিবেন। 

তিনি স্পষ্ট করে বলেন, কোনো সরকারের অধীনে সুস্থ নির্বাচন সম্ভব নয় এবং আগের সরকারের আমলে কেউ ভোট দিতে পারেনি। তিনি আরও বলেন, “আমরা কোনো দলের পক্ষে কাজ করব না।”

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল জলিল।

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির মাধ্যমে দিনাজপুরে নির্বাচন ও গণভোটকে ঘিরে জনসচেতনতার নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইএইচ