চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ঢুকে পড়ল বসতবাড়িতে

নুরুল ইসলাম সুমন, চকরিয়া প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৩১ পিএম

চকরিয়া পৌরসভার বাটাখালী ব্রিজের আগে মিয়ার টেক এলাকায় মঙ্গলবার রাতে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। মাতারবাড়ি থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শী বদিউল আলম বলেন, মঙ্গলবার রাতে হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির ভেতরে ঢুকে পড়েছে। গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে গেছে। অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে কাভার্ড ভ্যানটির চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই কারণেই তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি সামাল দেন। পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধারে কাজ শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িটি সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে।

এই ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

ইএইচ