পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১১:৪২ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সজীব ও মিরাজ নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা ফিলিং স্টেশনের পাশের পশ্চিম কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে পাংশা শহরের দিকে যাচ্ছিলেন সজীব ও মিরাজ। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন মিরাজ।

পরে স্থানীয়রা মিরাজকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিরাজ পাংশা উপজেলার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে এবং সজীব একই গ্রামের সাঈদুল ইসলামের ছেলে। 

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মুরাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ