লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা চর লরেন্স এলাকায় হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন।
এ সময় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। শেষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুল হুদা চৌধুরী, লক্ষ্মীপুর-৪ বিএনপির মিডিয়া পরিচালক ব্যারিস্টার রেজাউল করিম, যুবদলের আহবায়ক মাওলানা ইউসুফ পাটারি, সদস্য সচিব আবু সায়েদ দোলন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহিদুল হাসান শামিম, যুবদল নেতা মাঈন উদ্দিন সিনান দলীয় নেতৃবৃন্দসহ স্থানীয় ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার আদর্শ অনুসরণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাউদ্দিন শাহিন।
তিনি বলেন, হেল্প হ্যান্ড ফাউন্ডেশন সবসময় মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।
ইএইচ