বিজয়নগরে প্রবাসীদের ব্যতিক্রমী উদ্যোগে আলোকিত হাটখোলা গ্রাম

শাহনেওয়াজ শাহ, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৪:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের হাটখোলা গ্রাম এখন সৌরবিদ্যুতের আলোয় আলোকিত। গ্রামবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ নিয়েছেন হাটখোলা গ্রামের প্রবাসীরা।

প্রবাসীদের সম্পূর্ণ অর্থায়নে এবং ঐক্যবদ্ধ হাটখোলা যুব সমাজের সহযোগিতায় গ্রামজুড়ে স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুতচালিত ল্যাম্পপোস্ট। 

জানা গেছে, গ্রামের গুরুত্বপূর্ণ ২০টি স্থানে সৌরবিদ্যুতের লাইট স্থাপন করা হয়েছে। ফলে রাতের বেলা চলাচল সহজ হওয়ার পাশাপাশি গ্রামে নিরাপত্তা বেড়েছে এবং চুরি-ছিনতাইয়ের আশঙ্কা কমেছে। একই সঙ্গে গ্রামের সৌন্দর্যও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

গ্রামের সাধারণ মানুষ এ উদ্যোগকে ব্যতিক্রমী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। 

তাদের মতে, এটি শুধু আলোর ব্যবস্থা নয়, বরং গ্রামবাসীর মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরিয়ে এনেছে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, হাটখোলা গ্রামের এ উদ্যোগ দেশের অন্যান্য গ্রামের প্রবাসীদেরও নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত করবে।

গ্রামবাসীর পক্ষ থেকে প্রবাসীদের প্রতি জানানো হয়েছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পাশাপাশি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ভালোবাসা প্রকাশ করা হয়।

এ উদ্যোগ বাস্তবায়নে টানা দুই দিন সেচ্ছায় অক্লান্ত পরিশ্রম করেন ঐক্যবদ্ধ হাটখোলা যুব সমাজের সদস্যরা। 

এ কাজে সহযোগিতা করেন সাংবাদিক কেফাইতুল ভুঁইয়া, আনিসুর রহমান, সাদ্দাম, দেলোয়ার (শুক্কুর), বিপ্লব কর, ফারদিন, কিবরিয়া সেলিম (বাবু), পল্লব, উবাইদুল, আব্দুর রহমান, আরাফাত, ওয়ালিদ, জাকির মিয়া, সাইফুল, অন্তিম প্রমুখ।

ইএইচ