আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার তিনি এই সফর করেন এবং 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার'-এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সফরকালে সেনাপ্রধান দায়িত্বরত সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।
শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বিশেষ করে ধৈর্য ধারণ এবং নাগরিকদের সাথে বন্ধুসুলভ ও মার্জিত আচরণের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ পরিদর্শনকালে সেনাপ্রধানের সাথে আরও উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, এ্যাডজুট্যান্ট জেনারেল, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও স্থানীয় এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও অসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
জেএইচআর