বাঞ্ছারামপুরে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে জামায়াতের আনন্দ মিছিল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৭:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসিনকে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়ায় আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখা এবং দশ দলীয় জোটের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।

বৃহস্পতিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. মহসিন বলেন, আমরা সবাই মিলে একটি ইনসাফভিত্তিক বাঞ্ছারামপুর গড়ে তুলতে চাই। বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামকে স্মার্ট ভিলেজে রূপান্তর এবং প্রতিটি জনপদকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিকায়নের মাধ্যমে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চাই। এ জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, আপনাদেরকে সঙ্গে নিয়েই একটি সুন্দর ও স্মার্ট বাঞ্ছারামপুর গড়ে তুলবো।

সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন আকন্দ।

বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী আবুল বাশারের সভাপতিত্বে এবং সেক্রেটারি শামীম নুর ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আমিনুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা, নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মোখলেসুর রহমান, বাঞ্ছারামপুর উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাইনুদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস বাঞ্ছারামপুর উপজেলা শাখার সহ-সভাপতি সারোয়ার হোসাইন এবং বাঞ্ছারামপুর পৌর জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের পক্ষে রায় দেবে এবং দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে।

জেএইচআর