দেশে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে

আবু জাহান তালুকদার, তাহিরপুর প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:২৫ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি দল দেশে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা ভোটারদের বলে বেড়াচ্ছে, তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। অর্থাৎ তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে।

শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে জমিয়তে উলামায়ে ইসলামের সাথে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল এসব কথা বলেন।

কামরুল আরও বলেন, “আমি মুসলমানের সন্তান হিসেবে যতটুকু জানি, কোথাও লেখা নেই যে অমুক মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। কোথাও শুনিনি যে, অমুক মার্কায় ভোট দিলে সওয়াব হবে। এসব পুরোপুরি মিথ্যাচার। এই মিথ্যাচারের জবাব জমিয়তে উলামায়ে ইসলামসহ দেশবাসী দেবে।”

মতবিনিময় সভায় উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচ