নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরীসহ ছয় নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার সন্ধ্যায় নাটোর শহরের মাদরাসা মোড়ে অবস্থিত নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।
অনুষ্ঠানে সদ্য যোগদানকারী ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেন।
এ বিষয়ে নাটোর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মীর নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা রেজাউল ইসলামসহ মোট ছয়জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
তিনি আরও বলেন, যোগদানকারী নেতাকর্মীরা জানিয়েছেন, দেশে চলমান সুদ, ঘুষ ও বৈষম্যপূর্ণ ব্যবস্থার অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী। ড. মীর নুরুল ইসলাম জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে যোগদানকারী নেতাকর্মীরা মাঠ পর্যায়ে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করার অঙ্গীকার করেছেন। অনুষ্ঠান শেষে জামায়াতের পক্ষ থেকে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর থানা আমির মীর নুরুন্নবী, শহর সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন এবং জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু সাইদ রনিসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইএইচ