কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের বাহ্মনগাঁও গ্রামের সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নাসিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে নেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে তাকে বহিষ্কার করা হলেও আবেদন ও সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় তা প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কার আদেশ প্রত্যাহারের খবরে ইশতিয়াক নাসিরের গ্রামের বাড়ি বাহ্মনগাঁও, হালিমপুর ইউনিয়নসহ পুরো বাজিতপুর উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়।
এ সময় নেতাকর্মীরা “আলহামদুলিল্লাহ” বলে প্রতিক্রিয়া জানান এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তারা মনে করেন, তার নেতৃত্বে আগামী দিনে এলাকায় দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ইশতিয়াক আহমেদ নাসির বলেন, “দলীয় সিদ্ধান্তের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম। বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতেও শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
এএন