সমুদ্রের বুক ছুঁয়ে তৈরি দীর্ঘতম রানওয়ে চালু হচ্ছে নভেম্বরে

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:৪২ পিএম

সমুদ্রের বুক ছুঁয়ে তৈরি হওয়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কিছুই সরানো যাবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদস্য এয়ার কমোডোর মো. নূর-ই-আলম। 

তিনি বলেছেন, ‘কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে নিয়ে বিআইডব্লিউটিএ যে সুপারিশ করেছে, তা কখনো বাস্তবায়ন সম্ভব নয়। কারণ সবার সঙ্গে আলোচনা করেই এ রানওয়ে তৈরি করা হয়েছে। এর কারণে তো নৌ চলাচলের কোনো সমস্যা হচ্ছে না।’

বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের কনফারেন্স হলে গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

বেবিচক সদস্য বলেন, বেবিচক সব ধরনের কাজ সম্পন্ন করেছে। সরকার চাইলে যেকোনো মুহূর্তে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের ঘোষণা দিতে পারে।

গণশুনানিতে বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব এবং বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুরুল হুদা এবং বেবিচকের পরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা) ও উপসচিব সানিউল ফেরদৌস।

এছাড়া অনুষ্ঠানে সাধারণ যাত্রী ও বিমান পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ইএইচ