বইয়ের মাধ্যমে জ্ঞানচর্চা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উদযাপিত হয়েছে ‘ঈশ্বরগঞ্জ বই আন্দোলন’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ২৮ জনকে সম্মাননা প্রদান ও সবার মাঝে বই বিতরণ করা হয়।
শনিবার সকাল ৯টায় ঈশ্বরগঞ্জ উপজেলার প্যাকিশ ক্যাফেতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে মানবিক ও সামাজিক অবদান রাখায় ২৮ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকেরা জানান, কেবল বই পড়া নয়, বরং মানবিক সমাজ গঠনে যারা নেপথ্যে কাজ করছেন, তাদের উৎসাহিত করতেই এ আয়োজন। অনুষ্ঠানে আগত সবার হাতে একটি করে বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ বই আন্দোলনের অ্যাডমিন মো. রবিউল ইসলাম ইমন।
তিনি বলেন, ‘বই হোক পাঠকের বন্ধু’ স্লোগানকে ধারণ করে ২০২২ সালে এ সংগঠনের পথচলা শুরু হয়েছিল। দেশের প্রতিটি যুবক বইয়ের প্রতি আসক্ত হবে এবং মোবাইল গেমিং থেকে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী হোছাইন মুহাম্মদ তারেক, সামাজিক ব্যক্তিত্ব হারুন মিয়া এবং ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক।
আরও উপস্থিত ছিলেন, কনটেন্ট ক্রিয়েটর জহিরুল ইসলাম শিবলু, মতিউর রহমান, সিদ্দিকুর রহমান ও শাহীন সারোয়ার। অনুষ্ঠানে সংগঠনের মডারেটর হারুন অর রশিদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী ও বইপ্রেমীরা অংশ নেন।
ইএইচ