চাটখিলে সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:৫৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা চাটখিলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার বিকেলে চাটখিলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল সাইফুল ইসলাম ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে তাঁর নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচন ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের তথ্য দিয়ে সেনাবাহিনীকে সাহায্য করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

চাটখিল প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান সেনা কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত সংবাদকর্মীরা সততার সাথে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তিনি সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতসহ সংশ্লিষ্ট সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর আসফিয়া, ক্যাপ্টেন পারভেজ, লেফট্যানেন্ট মোহাইমিন ও লেফট্যানেন্ট হোমায়রা।

ইএইচ