ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলার আলহাজ্ব আলতাব হোসেন মহিলা কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা। এ সময় মাগুরা জেলায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক,পুলিশ সুপার, মাগুরা,জেলা নির্বাচন অফিসার,জেলা আনসার কমান্ড্যান্ট,বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীপুর উপজেলা ক্যাম্প কমান্ডার এবং শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য,নির্বাচনি আইন ও বিধিমালা, ভোটগ্রহণের বিভিন্ন ধাপ,ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা,আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলাসহ নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান।
প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে জেলার সব উপজেলাতেই পর্যায়ক্রমে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এএন