রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও সংগ্রামের স্মৃতিকে তুলে ধরতে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
রাজশাহী কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই প্রদর্শনীতে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার উদ্যোগে শতাধিক ঐতিহাসিক ও দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. ওয়াসিম হোসেন, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও নাট্য সম্পাদক বিভান বাদল।
এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জমজেদ আলী, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদল নেতা এমদাদুল হক লিমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ভিডিও বার্তায় বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আয়োজনে অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথিসহ অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও অনুভূতি প্রকাশ করেন।
প্রদর্শনীতে সাধারণ গৃহবধূ থেকে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন পর্যন্ত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সংগ্রামী জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। এতে তার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের শতাধিক দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি তার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে নির্মিত বিশেষ ডকুমেন্টারিও প্রদর্শিত হচ্ছে।
আয়োজকেরা জানান, প্রথম পর্যায়ে বেগম খালেদা জিয়ার জীবনের সঙ্গে সম্পৃক্ত ১২টি জেলায় এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এরই মধ্যে ঢাকা, দিনাজপুর, বরিশাল, রংপুর, খুলনা, বগুড়া ও সিলেটে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ও ফেনী পর্ব শেষে ময়মনসিংহ ও চট্টগ্রামে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সর্বশেষ কক্সবাজারে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।
এএন