ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, দাঁড়িপাল্লার গণজোয়ারে ভীতসন্ত্রস্ত্র হয়ে বিজয় ঠেকানোর অপচেষ্টা করা হচ্ছে। মিথ্যাচার-অপ্রপ্রচার, অপরাজনীতি করে জোয়ার ঠেকানো যাবে না। ১২ ফেব্রুয়ারি নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে এসবের জবাব দেয়া হবে।
সোমবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলা জামায়াত আয়োজিত দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুদ্দিন মানিক আরও বলেন, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরও সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডার, দখলবাজি, ইয়াবার কারবার বন্ধ হয়নি। কিশোর গ্যাং নিয়ন্ত্রন করা যায়নি।
মানুষ চায় মানবিক-সামাজিক, সৌহার্দ্য-সম্প্রীতির পরিবেশ। এক যুগের বেশি সময় ধরে জনপদের মানুষের সুখে-দু:খে পাশে থেকেছি। দুয়ারে দুয়ারে, হাটে, মাঠে, ঘাটে বিচরণ করে পরিকল্পনা ঠিক করেছি।
তিনি বলেন, দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতে দেবো না। সরকারি সকল দপ্তরে অনৈতিক লেনদেন বন্ধ করবো।
দাগনভূঞা উপজেলা জামায়াত আমির গাজী ছালেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, ঢাকা মহানগর দক্ষিনের শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।
পৌর আমির কাজী কামরুল আহসানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল প্রমুখ।
সভায় জামায়াতের জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, চাকসু দপ্তর সম্পাদক আবদুল্লয়হ আল নোমান, আবাসন ও যোগাযোগ সম্পাদক ইসহাক ভূঞা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর