দিনাজপুরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মদ ও মাদক উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৩৯ পিএম

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিভিন্ন বিওপি এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এই মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ হাজার ৭০০ টাকা। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকাগুলোতে এই ঝটিকা অভিযানগুলো চালানো হয়।

সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দক্ষিণ বালিহারা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে মশালগাঁও বিওপি’র একটি টহল দল। একই সময়ে দিনাজপুরের বিরল উপজেলার দক্ষিণ গোবিন্দপুর থেকে ৯৯ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে ডুংডুংগী বিওপি।

দিনের শেষ অভিযানে রাত পৌনে ১২টার দিকে হরিপুর উপজেলার দক্ষিণ তোররা এলাকা থেকে আরও ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, প্রতিটি অভিযানেই মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের শনাক্ত করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। উদ্ধারকৃত মাদক নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর